শাহ আলম :স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-রংপুর লংমার্চের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় আয়োজিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, আপনারা জাতির সঙ্গে বেঈমানি করেছেন। বিভিন্ন দপ্তরে প্রশাসক নিয়োগ দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। জ্বালানির চরম সংকটে মানুষ অতিকষ্টে জীবনযাপন করছে।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন না হলে জনগণের দাবির মুখে তা এক দফায় রূপান্তর করা হতে পারে। জনতার যৌক্তিক দাবি না মানা হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তিনি।
পথসভায় বক্তারা জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এ লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে।
টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম এবং নায়েবে আমির মাওলানা আবুল কাশেম কাশেমীসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।
এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি এবং টাঙ্গাইলের এনসিপি নেতৃবৃন্দসহ জোটের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভা শেষে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের বহর সিরাজগঞ্জের উদ্দেশে টাঙ্গাইল ত্যাগ করে।
দেশ বাংলা টিভি ডেক্স